শায়েখ মহিউদ্দীন ফারুকী হাফিজাহুল্লাহ ১৯৮৭ সালের জুন মাসে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে কামরাঙ্গিরচর জামেয়া নূরিয়া থেকে দাওরায়ে হাদিস, ২০০৫ সালে শায়েখ শহীদুল্লাহ ফজলুল বারী রহ. এর নিকট আরবি ভাষায় উচ্চতর ডিপ্লোমা সমাপ্ত করেন। অন্যদিকে ২০০৪ সালে বাংলাদেম মাদরাসা শিক্ষাবোর্ড থেকে দাখিল ও ২০০৬ সালে আলিম পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন। ২০০৭ সালে উচ্চতর ইলম অর্জনের জন্য মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ অর্জন করেন। সেখানে তিনি ফিকহে অনার্স এবং ভাষা বিজ্ঞানে মাস্টার্স ও এমফিল সমপন্ন করেন। বর্তমানে তিনি দেশজুড়ে আরবি ভাষার প্রচার প্রসার, লেখালেখি এবং ইমাম-খতিব, দাঈ ও শিক্ষক প্রশিক্ষণের মত গুরুত্বপূর্ণ খেদমতে নিয়োজিত আছেন।
সঠিকভাবে আরবিতে নিজের ভাব ব্যক্ত করার জন্য আরবদের ব্যবহার জানা অত্যন্ত জরুরী। কোন কথাটি কীভাবে বলবে—তা শিখে বললে বা লিখলে ভাষা বিশুদ্ধ হিসেবে বিবেচিত হবে। ব্যবহারটি ভাষাভাষীদের কাছাকাছি হবে। কিন্তু অনারব আরবিভাষা-শিক্ষার্থীদের এক্ষেত্রে দুর্বলতা পরিলক্ষিত হয়। তাই বিশিষ্ট আরবিভাষা-প্রশিক্ষক ড. সুওয়াইফি ফাতহি তা‘বীর বা ভাষা ব্যক্ত করার এই অভিনব ও উপকারী কিতাবটি রচনা করেছেন। কিতাবটিকে তিনি বিভিন্ন ধরনের তা‘বীর দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। কিতাবটি নিয়মিত চর্চায় একজন অনারব আরবিভাষা-শিক্ষার্থী খুব সহজেই ভাষাটাকে আত্মস্থ করতে সক্ষম হবে। প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে খুব সহজে নিজের ভাব ব্যক্ত করতে পারবে।