আলিফ লায়লা ওয়া লায়লা বা আরব্যরজনীর গল্পসম্ভার প্রসঙ্গে দুটি কথা পৃথিবীর অন্য কোন সাহিত্যে 'আলিফ লায়লা-ওয়া-লায়লা'র অর্থাৎ এক সহস্র এক রজনীর কাহিনীসমূহের, যা সাধারণভাবে আরব্যোপন্যাস নামে খ্যাত, মত আনন্দদায়ক, রোমাঞ্চকর, আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী গল্পগুচ্ছ আছে কিনা সন্দেহ। এর কাহিনীগুলোর মূল উৎস সম্বন্ধে সঠিক ধারণা না থাকলেও, ভৌগোলিক ব্যপ্তি যেমন বিশাল, অন্যদিকে রয়েছে লোমহর্ষক, রোমাঞ্চকর ও শিক্ষামূলক গল্পগুচ্ছের অপূর্ব বিন্যাস। এ সমস্ত কাহিনীর জনপ্রিয়তা এরূপ যে পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে সে দেশের ভাষায় আরব্যোপন্যাস অনুদিত হয় নি। এ কারণেই James Kritzeck বলেন, "No work of Islamic Literature needs less introduction, to an English Reader than the Thousand and one Nights" "ইংরেজী পাঠকদের কাছে সহস্র এবং এক রজনীর কাহিনীসমূহের মত ইসলামী সাহিত্যের অন্য কোন সাহিত্যকর্ম পরিচিতির প্রয়োজন করে না।"