সেই দৃশ্যটির কথা যাহা বলিতেছিলাম-বুলু ভাই বদনা সমেত উদয় হইয়া ম্যাচ-সিগারেটের চিন্তায় মাথা কুটিতেছেন দেখিয়া এবং অত্যাসন্ন ইভেন্টটির উত্তেজনায় "আমার কাছে আছে" বলিয়া স্বীকার করিয়া ফেলিয়াছিলাম। “তুই ছিগেরেট ধইর্যালছছ"! টাইপের এক পলক বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করিয়া মুহূর্তেই তিনি হাতে তুড়ি বাজাইয়া “হরিপ্পা! কাম অইয়্যা গেছেগ্যা” বলিয়া তাহার চেহারায় আনন্দের আভা খেলিয়া বেড়াইতে লাগিল।
কোনো কাজে বুলু ভাইয়ের ঐকান্তিক আন্তরিকতা এবং একনিষ্ঠতা ছিল একটি লক্ষ করিবার মতো বিষয়। লিখিতে গেলে আমার যেমন আদালত অবমাননা, ধর্ম অবমাননা, রাষ্ট্র অবমাননাসহ আরও নানা রকম অবমাননা, মুণ্ডুপাত এবং জেল খাটিবার ভয়ে ভীতসন্ত্রস্ত থাকিতে হয়, বুলু ভাইকে তেমন মজা করিতে, কাহাকেও ভয় দেখাইতে কিংবা অন্য কোনো কাজে ন্যায় শাস্ত্র, আইন শাস্ত্র বা ধর্ম শাস্ত্রের ধার ধারিতে বড় একটা দেখা যাইত না।