প্রত্যেক মানুষই স্বতন্ত্র; একজন আরেকজনের মতো নন। কিন্তু কেউ কেউ আছেন যারা অসাধারণ। ডা. জাফরুল্লাহ চৌধুরী তাদেরই একজন।
মুক্তিযুদ্ধের চরমকালে জাফরুল্লাহ চৌধুরী নিজেকে আবিষ্কার করেছিলেন দেশের একনিষ্ঠ সেবক হিসেবে। সেই তিনিই আবার স্বাধীন দেশে হয়ে উঠলেন নিয়ম ভাঙার এবং নতুন নিয়ম গড়ার ও অজানা নিয়ম চালু করার পরার্থপর অপূর্ব যোদ্ধা-সমাজসংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিকল্পধারার স্বাস্থ্য আন্দোলন, নারীপ্রগতি, গ্রামমুখী পেশাদারি বিকাশের মহানায়ক। মানুষকে ভালোবেসে সবহারা মানুষের সঙ্গী হয়েছেন তিনি। রাজকীয় জীবনযাপন ছেড়ে, ব্যক্তিগত লোভ-লাভের মোহ-মায়া ত্যাগ করে নেমে এলেন সাধারণের কাতারে।
স্রোতের বিপরীতে কাজ করা যে কত কঠিন, তা জীবনের প্রতিদিন অনুভব করেছেন তিনি। কিন্তু তার লক্ষ্য থেকে কিছুই তাকে বিচ্যুত করতে পারেনি। সীমিত সক্ষমতা, অল্প প্রশিক্ষিত জনবল, বুক ভরা সাহস, ঝুঁকি গ্রহণের ক্ষমতা ও তার বিপ্লবী চেতনা এমন কিছু করে দেখিয়েছে, যা আগে কেউ কখনো ভাবেনি।