বাংলাদেশ আমাদের জন্মভূমি। কী সুন্দর এই দেশ! কী অপরূপ নয়নভোলানো এ দেশের প্রকৃতি। কোথাও শাড়ির আঁচলের মতো নদী শুয়ে আছে, কোথাও দিগন্ত-জোড়া সবুজ মাঠ, কোথাওবা হাতের রেখার মতো আঁকাবাঁকা শ্যামল বনবনানী। কাঁচাসোনা ধানের শীষে বাতাস চুমকুড়ি দিয়ে খেলা করে। বনে বাগানে ফুলের মেলা। গাছে গাছে রঙবেরঙের হরেক পাখি। এমনি আরো কত ছবি! প্রকৃতির কত অবারিত সৌন্দর্য ছড়িয়ে আছে এ দেশের পথে-ঘাটে। মাটির ওপরে আর মাটির তলায় আছে কত না অমূল্য ধন!
প্রকৃতি যেন তার ভাণ্ডার উজাড় করে দিয়েছে এ দেশে। সোনাফলা মাটি, অঢেল পানি, তেজঢালা সূর্যের আলো এ দেশের অফুরন্ত সম্পদ। আরেকটি বড় সম্পদ হল এ দেশের মানুষের মনোবল। অসীম যেমন তার মনোবল, তেমনি সে পরিশ্রমী। অসংখ্য মেহনতি মানুষ তিলে তিলে গড়ে তুলেছে এ দেশকে;