১৯৫৮ সালের এক বিকালে বোস্টন শহরে চার্লস নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে আমার অনুজ মুনীর চৌধুরী ইউজিন ও'নীলের অল্প কিছুকাল আগে প্রকাশিত সাড়া-জাগানো নাটক 'লঙ ডেজ জার্নি ইন্টু নাইট'-এর এক কপি আমার হাতে তুলে দিয়েছিল উপহার হিসেবে। এর প্রায় দশবছর পর নাটকটি আমি বাংলায় অনুবাদ করি নিজের মনের ভেতরকার গভীর এক তাগিদে। নাটকঅন্তপ্রাণ মুনীর খুব খুশি হয়েছিল। "অমা রজনীর পথে” নামে আমার ওই অনুবাদ প্রকাশিত হয় ১৯৬৬ সালে। তারপর আরো বিশ বছর কেটে গেছে। "অমা রজনীর পথে” এখন আর বাজারে পাওয়া যায় না। ইতিমধ্যে আধুনিক মার্কিন সাহিত্য সম্পর্কে আমাদের এখানে উৎসাহ অনেক বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের সব ক'টি সাধারণ বিশ্ববিদ্যালয়ে বিষয়টি ইংরেজিসাহিত্যের স্নাতক ও স্নাতকোত্তর পর্বের পাঠক্রমের অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের মধ্যে এ উৎসাহ বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। তাই এ সময়ে ও'নীলের এই নাটকটির বাংলা অনুবাদের নতুন সংস্করণ প্রকাশের উদ্যোগে আমি আনন্দিত। প্রথম সংস্করণে কোনো ভূমিকা ছিল না। এবার ও'নীলের জীবন ও নাট্যকর্ম সম্পর্কে একটি নাতিদীর্ঘ ভূমিকা যুক্ত হল। আশা করি ভূমিকাটি ও'নীলের সামগ্রিক নাট্যকর্মের চারিত্র্য উপলব্ধিতে, বিশেষভাবে বর্তমান নাটকটির বহুমাত্রিক তাৎপর্য উপলব্ধিতে, কিছুটা সাহায্য করবে।