বাইরে তুমুল ঝড় হচ্ছে। গাছপালা ভাঙার মতো ঝড়। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে এ বৃষ্টি আর থামবে না। রাগান্বিত চেহারায় লাল হয়ে বিকট গর্জন করছে। এভাবে আর দুইএক ঘণ্টা বৃষ্টি হতে থাকলে ঢাকা শহর পানিতে তলিয়ে যাবে। সরকারি অফিসের কাজকর্ম এমনিতেই ঢিলেঢালা। আজ ঝড়ের অজুহাতে কাজকর্মগুলোকে আরও ঢিলেঢালা করে তুলল। এখন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রাণালয়ের কর্মিরা আনমনাভাবে কাজ ও অকাজ দুটোই করে যাচ্ছে। কেউ কেউ চেয়ার থেকে সামান্য ঝুঁকে এসে ফাইল দেখছে। কেউ কেউ জরুরি ফাইলগুলো রেখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। কেউবা আবার জানালার পাশে দাঁড়িয়ে ঝড়ের তাণ্ডব দেখছে।