মাপ করবেন, স্যার, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ওহ্, মা আপনাকে দেখছি কিছুটা চমকেই দিয়েছি। না না, আমার দাড়ি দেখে একটুও ভয় পাবেন না। আমি আমেরিকার প্রেমিক। আপনি হয়তো কিছু খুঁজছিলেন, না শুধুই খোঁজা নয়, মনে হলো, আপনি একটা কিছু উদ্দেশ্য নিয়েই এখানে এসেছেন। আমি এ শহরেরই মানুষ আর আপনার ভাষাতেও কথা বলতে পারি, তাই ভাবলাম, আমার পক্ষে আপনার সেবা করাও সম্ভব হতে পারে।
কী করে বুঝলাম আপনি আমেরিকান? না না, আপনার গায়ের রঙ দেখে নয়, আমাদের দেশেও নানা রঙের মানুষ দেখা যায়। আমাদের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে অনেকেই রয়েছেন, যাদের গাত্রবর্ণ আপনারই মতো। না, আপনার পোশাক দেখেও নয়, এরকম একটা স্যুট তো যে-কোনো ইউরোপীয় টুরিস্টই ড্রেস ময়েনস্ থেকে কিনতে পারে। পেছন দিকে এক-চিড়ওলা জ্যাকেট, অমন বোতামের শার্টও মেলে সেখানে। তা ঠিক বটে, আপনার ছোটো করে ছাঁটা চুল আর চওড়া বুকের পাটা-বলা উচিত অমন বুকের পাটা তাদেরই থাকে, যারা নিয়মিত ডন-বৈঠক করে। দুশ পঁচিশের বড় মাপের বুকের পাটা- সাধারণত মার্কিন বৈশিষ্ট্যই বটে।