আঙ্কেল টমস কেবিন দাসপ্রথাকে উপজীব্য করে লেখা একটি মাইলফলক গ্রন্থ। হ্যারিয়েট বিচার স্টো এই কালজয়ী উপন্যাসটির পটভূমি হিসেবে আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যকে বেছে নিলেও পরোক্ষভাবে তিনি বিশ্বময় বিস্তৃত দাসপ্রথার বিরুদ্ধেই প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদের টর্নেডো বিশ্বব্যাপী লালিত দাসপ্রথাকে ছিন্নভিন্ন করে দিয়ে দাসদেরকে মুক্ত করে দিতে জোরালো ভূমিকা রেখেছে। তিনি অমানবিক আচরণে জর্জরিত কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদের অত্যাচারিত হওয়ার চিত্র যেমন বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন,তেমনি দাসপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সাহায্য করেছেন।