মাঝে মাঝে কিছু মুহূর্ত আসে, অশ্লীল এবং অনাকাঙ্খিত শব্দশকটের নৈরাজ্যময় যাতায়াতে জেরবার হতে হয়। তাদেরকে পরিচালিত করে জাত্যবিমুখ অভিজাতেরা ধার করা জাত্যাভিমান নিয়ে। তখন আমার খুব ইচ্ছে করে প্রিয় বর্ণমালার বাত্ময় শরীর জড়িয়ে ধরে একটি সুন্দর বাক্যের জন্যে মিনতি করতে। ক্ষমা চাইতে ইচ্ছে করে অর্বাচীন চেতনা হন্তারক আবাল-বৃদ্ধ-বনিতার পক্ষ থেকে। বর্ণমালা বড্ড অভিমানী। তাকে খুঁজে পাই না আমি।
বোকাবাক্সের চতুর নীলনকশায় সে হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমাকে নির্বাক এবং বকলম করে দিয়ে। মাঝেমাঝেই এমন কিছু মুহূর্ত আসে যখন আমার পণ্যাগ্রাসিত পুণ্য বিপন্নতাবোধ হিরণ্ময় নিস্তব্ধতায় আশ্রয় নিতে চায় বর্ণমালার ছায়াশরীরে। আশেপাশের অট্টালিকা এবং বস্তিতে বসতি গড়ে নিয়েছে বিজাতীয় শব্দসন্ত্রাসীরা। হল্লা করতে করতে হামলে পড়ে তারা। আমি তখন প্রিয় বর্ণমালার কাছ থেকে খিস্তিপিস্তলটা নিয়ে গুলিবর্ষণ করি তাদের ওপর।