ক. এই সময়টিতে কাব্যজীবনে একটি পরিবর্তন ধীরে ধীরে আসিতেছিল, হঠাৎ
একটি ঘটনায় তাহা অভাবিতপূর্ব রূপ ধারণ করিল। ১৯১৬ খ্রীষ্টাব্দে বলাকা প্রকাশিত
হইল। কিন্তু ইহার অনেক কবিতা ১৯১৪ হইতে অর্থাৎ কবির ইউরোপ হইতে
প্রত্যাবর্তনের অল্প পরেই রচিত হইয়াছিল। বলাকায় আসিয়া কবি পুনরায় মানুষের কবি
হইয়া দেখা দিলেন। ১৯০২ খ্রীষ্টাব্দে অর্থাৎ নৈবেদ্য-প্রকাশের পর হইতে কবির প্রতিভার
বনবাস; বারো বৎসর পরে কবিপ্রতিভা বনবাসের তপস্যার উজ্জ্বল পাণ্ডবগণের মত
পুনরায় মানবের ক্ষেত্রে দেখা দিল।
নৈবেদ্য-প্রকাশের পর হইতে আধ্যাত্মিক
অরাজকতায় কবিপ্রতিভা যে সংগতিলাভের চেষ্টা করিতেছিল-যে অনুসন্ধানে মানবের
কবিকে সাময়িকভাবে মানুষের দেবতার পাদপীঠে লইয়া গিয়াছিল, সেই চেষ্টা সেই
অনুসন্ধানের অন্তে মানুষের কবি পুনরায় সংসারের ক্ষেত্রে ফিরিয়া আসিলেন। কিন্তু ঠিক
পূর্বের কাব্য আর হইল না। গীতাঞ্জলি-পর্বের অভিজ্ঞতার রং কবির পরবর্তী কাব্য রঞ্জিত
করিয়া তুলিল। সেই জন্য বলাকা পূর্ববর্তী কাব্য হইতে অভিজ্ঞতায় ও অভিজ্ঞতার
প্রকাশে বিচিত্র ও জটিলতর।