দীর্ঘ প্রতীক্ষার পর ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর নতুন দিল্লীতে ভারত-বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী দেব গৌড়া এবং বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে নতুন আশার জোয়ার সৃষ্টি হয়। কিন্তু অল্প দিনেই সে আশা ভেঙ্গে যায়। ৩০ বছর বা ৩ শ' ৬০ মাসের জন্য চুক্তি মাত্র ৩ মাসেই অচল হয়ে পড়ে। বছরের সবচে' শুকনো মওসুম শুরুর এক মাস আগেই বাংলাদেশ সবচে কম পানি পেয়েছে। মার্চ মাসের ২৭ তারিখে ('৯৭) বাংলাদেশ পানি পেয়েছে ৬ হাজার ৪শ' ৫৭ কিউসেক। এটা ফারাক্কা বাঁধ চালুর পর সর্বনিম্ন প্রবাহ।
২৯শে মার্চ (১৯৭) রাতে বিবিসির খবরে জানা যায়, ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ সচিব শ্রী অমল কুমার সরকারের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর প্রচার করে।