ইতিহাসকে নতুন করে দেখার চেষ্টা থেকে , সমাজের তলানিতে অবস্থানকারী মানুষদেরকে ‘তল থেকে দেখার’ চেষ্টা থেকে শুরু হয় ভারতবর্ষে নিম্নবর্গের ইতিহাসচর্চা। কালক্রমে এর ঢেউ এসে লাগে সাহিত্যেও। বাংলাদেশের কথাসাহিত্যে প্রতিফলিত নিম্নবর্গের জীবনসঙ্কটের নানা দিক নিয়ে পরিকল্পিত হয়েছে বর্তমান গ্রন্থ।
লেখক কথাসাহিত্যে প্রতিফলিত নিম্নবর্গের চরিত্রগুলো বিশ্লেষণ করতে গিয়ে চরিত্র বিশ্লেষণের প্রচলিত ছকে অগ্রসর হননি। বরং গ্রামসি, ফুকো কখনো কখনো বাখতিনের মতো জ্ঞান-তাত্ত্বিকেরা আড়ালে থেকে সাহিত্য বিশ্লেষন পথ দেখিয়েছেন লেখককে। ফলে এ গ্রন্থে সাহিত্য বিশ্লেষন পেয়েছে নতুন মাত্রা।