ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, মানুষ সর্বদাই দলবদ্ধ হয়ে জীবনযাপন করেছে। কারণ দলবদ্ধ জীবনযাপন ব্যতীত মানুষের অস্তিত্ব বিপন্ন হবার আশঙ্কা থাকে। তাই সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করা মানুষের একটা স্বভাবজাত ধর্ম। মানুষের সংস্পর্শে মানুষ না থাকলে ও দলবদ্ধ হয়ে জীবনযাপন না করলে সে স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। কারণ মানুষ সামাজিক পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমেই বেড়ে ওঠে।
জীবনধারণ ও বেঁচে থাকার জন্য মানুষ গোষ্ঠীবদ্ধ জীবনযাপনে প্রয়াসী হয়। এ গোষ্ঠীবদ্ধ জীবনের ভিতর দিয়েই মানব সমাজের সৃষ্টি হয়েছে। এ সমাজ প্রত্যয়টি হলো সাধারণ স্বার্থপ্রণোদিত এমন একটি জনসমষ্টি যার সদস্যরা অভিন্ন উদ্দেশ্য ও লক্ষ চরিতার্থ করার জন্য পরস্পরকে সহযোগিতা করে।