বাংলার বিদ্রোহী বারো ভূঁইয়াদের সম্বন্ধে অনেক লেখালেখি হয়েছে। তারপরও আমি কেন এরূপ গ্রন্থ রচনা করলাম,এমন প্রশ্ন উঠতে পারে। ইতিহাস নিয়ে গ্রন্থরচনা কখনো থেমে থাকে না। বাংলার ইতিহাস সম্বন্ধে দেশিবিদেশি বহু লেখক মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেছেন। রচনার ধারা আজও বন্ধ হয়নি। তথ্যোপাত্তের বিশ্লেষণ ও মূল্যায়নের দিক থেকে প্রত্যেক গ্রন্থের কিছু না কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। অজানা কোনো নতুন তথ্য থাকলে তো কথাই নেই। আমরা আলোচ্য গ্রন্থে এরূপ কোনো দাবি করি না। বিভিন্ন সময়ে নানা লোকের নানা মতের ও দৃষ্টিভঙ্গির কারণে বাংলার বারো ভূঁইয়াদের ব্যাপারে অনেক বিষয়ের জট ও জটিলতা সৃষ্টি হয়েছে,কোনো কোনো বিষয় ধূম্রাচ্ছন্ন রয়েছে,বিকৃত হয়েছে অনেক। সেখানে ইতিহাস,সাহিত্য,কিংবদন্তি মিলে একাকার হয়ে আছে। আমরা সত্যরূপটা জানতে চাই।