রম্যরচনার প্রধান দান মনের হাসির উপহার। এ হাসি সুচারু, সুস্মিত, নিঃশব্দ মুখের হাসির মতো শব্দিত নয়। মুখের হাসি অসভ্যেরও হতে পারে, কিন্তু মনের হাসি কেবলি সুসভ্যের। রম্যরচনার ভূমিকা লিখতে বসে মনে পড়ছে- সকল হাসিরই ভারি সহজ শিকার ছিলাম আমি। হাসির কবলে পড়ে কেবল বিব্রত নয়, বিপদগ্রস্ত হওয়ার অভিজ্ঞতাও অনেকেরই থাকার কথা। এবং এটাও জানা কথা যে এই বিশেষ বিড়ম্বনার ব্যাপারটা প্রায়শই ঘটে গাম্ভীর্যপূর্ণ কাজের সময়ে। ফলে নিষ্পাপ হাসিও পাপের কারণ হতে পারে, যেমন আমার হয়েছিল একবার।
ব্যাপারটা ঘটেছিল শৈশবে। তখন আমাদের বাড়িতে রেওয়াজ ছিল আজানের আহ্বানে বড়োদের পেছনের কাতারে দাঁড়িয়ে ছোটদেরও নামাজ আদায় করার। এই বাড়তি এনার্জির বয়েসে এমনিতেই অস্থির একটি বালককে খেলার মাঠ বা ঘুমের দেশ থেকে ডেকে এনে ধ্যানগম্ভীর একটি কর্মে সুস্থির করে রাখা মূর্তিমান শয়তানকে বোতলে ভরে ছিপি মেরে রাখার মতোই কঠিন ব্যাপার ছিল। কাজে কাজেই নামাজের সময় অবাঞ্ছিত হাসির উৎপাতে ছোটদের লাঞ্ছিত হতে হত প্রায়শই। তবে ব্যাপারটা বেশি ঘটত জামাতে পড়ার সময়, যখন নামাজের সুরা পড়তেন এমামসাহেব আর আমরা থাকতাম নিষ্ক্রিয়।