সারাদিন আকাশ ঢেকে আছে মেঘে। সূর্যের আলো ঝলক দেয়নি একবারও। থেমে থেমে বৃষ্টি, কখনও টিপ টিপ, কখনও ঝর ঝর করে, কখনও শাঁ শাঁ শব্দে তীর বেগে। ফসলের ডগায়, গাছের পাতায়, ঘরের চালের ধুলো ময়লা বৃষ্টির পানিতে ধুয়ে সাফ হয়ে গেছে। গাছ-পালা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট বৃষ্টি জলে ভিজে সপসপে। গলগল করে পানি গড়িয়ে পড়ছে বাড়ির উঠোন পেরিয়ে ঢাল বরাবর। এমনি বৃষ্টি ভেজা দিনে কাচারির ঘরে কাঁথা মুড়ে শুয়ে কুচিকুচি কাঁচা লঙ্কার সাথে খাঁটি সরিষার তেলে মাখা ঝালমুড়ি খাচ্ছে ইলিয়াস।
মচমচে মুড়ি ইলিয়াসের প্রিয় খাবার। কচকচ শব্দ করে মুড়ি চিবোতে ক্লান্তি নেই তার। ডানদিকে কাত হয়ে বাম হাতের আঙুলে এক ব্যান্ড রেডিওর নব ঘুরায়। খবর, আলোচনা, নাটক এসব। অবশেষে মিডিয়াম ওয়েভে বাংলাদেশ বেতার, ঢাকায় ছায়াছবির গান।