আরে থাম থাম। আর একটু উপরে, দেয়ালের একেবারে মাথায় সেঁটে দে-নিচু কণ্ঠে বলে তিতাস। আহাদ বলে, এত উপরে হাত যাবে নাকি! আঠা গোলানো বালতিটা রাস্তার পাশে রেখে উপুড় হয়ে বসে পড়ে অলি-নে আমার কাঁধে চড়ে বস।
ফিসফিস করে তিতাস বলে, আস্তে কথা বল। শামিম টর্চ বন্ধ কর। চটে গিয়ে আহাদ বলে, কী ফিসফিস শুরু করলি। সব কাজেই তোর বেশি ভয়। টর্চ জ্বালা... স্থির কণ্ঠে তিতাস বলে, চুপ। গাড়ির হর্ন শুনতে পেয়েছি। হাতের পোস্টারটা চট করে আস্তর খোলা পুরনো দেয়ালের গায়ে সেঁটে দিয়ে ঝুপ করে অলির কাঁধ থেকে নেমে দেয়াল ঘেঁষে দাঁড়ায় আহাদ।
ফিসফিস করে শামিম বলে, গাড়ি তো এদিকেই আসছে। চট করে গলির মুখে সরে যায় সবাই।