শিপলুর গিটার আর শিপলুর কথা শুনছে না। কোনো বাদ্যযন্ত্র বাদকের কথা শুনছে না; উল্টো কিনা নিজেই বেজে চলেছে নিজের পছন্দমতো-এটা কখনো হয়? এমন ভৌতিক ঘটনা কেউ কি দেখেছে কখনো, না শুনেছে? শিপলু তার বত্রিশ বছরের জীবনে অন্তত তা দেখেনি, শোনেও নি!
সমস্যাটা ঘটছে শিপলু যখন বারোয়ারি কোনো অনুষ্ঠানে গান গাইতে উঠছে, তখন। আমরা জানি, পেশাদার শিল্পীরা এই ঢাকা শহর এবং অন্যান্য ছোট-বড় সব শহরের বিভিন্ন অনুষ্ঠানে ফরমায়েশি গান গাইতে যায় অর্থের বিনিময়ে। শিপলুও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে শীতকালটায় বিয়ের অনুষ্ঠান, গায়েহলুদ, নবীনবরণ, বার্ষিক সাধারণ সভা, কর্মীসম্মেলন, পিকনিক ইত্যাদি অনুষ্ঠান তো লেগেই আছে একটা না-একটা! দর্শকদের অনুরোধে সে সব অনুষ্ঠানে শিপলুকে জনপ্রিয় বাংলা, হিন্দি অথবা পাঞ্জাবি গান কপি করতে হয়-কোনোটা সফট, কোনোটা ফোক, কোনোটা আবার পার্টি সং।