বৈশাখ মাস। গগন তলে কালবৈশাখী করছে যেন ডাকাডাকি। গিরির শিখরে, কাননভূমিতে ক্ষিপ্ত হাওয়া বয়ে চলেছে। মন্থর মেঘখানি আকাশে উড়ে বেড়াচ্ছে। এমন ঝড়ো হাওয়ায় শিশুদের মনের কোণে ঘুরে বেড়ায় হাজার স্বপ্ন। স্বপ্নেবিভোর হৃদয় দোলে তাদের স্পন্দে, স্পন্দে। একটু পরেই তো গগন গর্জন, তিমির অবস্থা কেটে যাবে। কেটে যাবে সন্ধ্যামেঘের মায়ার মহিমা। তখন তারা মেতে উঠবে কল্লোলে কল্লোলে। এই স্বপ্ন ভাসে তাদের নয়নে। তাদের এ স্বপ্ন যেন সত্যি হলো। হর্ষে ঝড় এসে একটু পরেই তা বিলীন হয়ে গেল। তাই তো তারা আনন্দে মেতে পরস্পরকে ডাকাডাকি আরম্ভ করল-
ঝড় থেমেছে সূর্য উঠেছে বৃষ্টি গেল চলে
আয়রে আয় আয়রে তোরা আয়রে দলে দলে
আম বাগানের তলে যাব
কুড়াবো আম কারি কারি
এসব নিয়ে যাব মোরা নিজ নিজ বাড়ি।