পথিক রুমে ঢুকেই হোঁচট খায়। অচেনা একটা যুবতী মেয়ে তার বিছানায় শুয়ে আছে। সে চোখ কচলায়, ভুল দেখছে না তো?
রুবা, ফ্রম ইউ কে। সার্কাসের মেয়ের মতো শোয়া থেকে সটান উঠে একগাল হেসে মেয়েটা বলল। ইউ কে উচ্চারণ করবার সময় কে এর ক্ষেত্রে খে শুনতে পেল পথিক।
আপনি ভালো আছেন? নরম সুরে জানতে চাইলো পথিক। হ্যাঁসূচক মাথা নেড়ে মেয়েটা জিজ্ঞেস করল, আপনি কেমন আছেন? পথিকের ইচ্ছে করছিল বলুক, ভালো আর থাকতে দিলেন কোথায়?
উত্তরাধুনিকতার নাম করে তো, দেশ-জাতির সাড়ে বারোটা বাজিয়ে দিলেন। কিন্তু বলল না। ইচ্ছেটা দমন করল। বাইরে থেকে এসেছে। একটু রিলাক্স যে করবে সেই সুযোগ নেই। মেয়েটার কথার শক্ত জবাব দিলে মা রাগ করবে।
রুবা পথিকের কাজিন। মায়ের খালাতো বোনের মেয়ে। জীবনে এই প্রথম দেখা। রুবা সম্পর্কে অনেক গল্প শুনেছে আগে। ইউকেতেই জন্ম এবং বেড়ে ওঠা। এই প্রথম বাংলাদেশে এসেছে। দেখা মিলবে কোত্থেকে?