আমরা সুন্নত অনুযায়ী চলতে অঙ্গীকারবদ্ধ, এবং এই অঙ্গীকার করি কালিমায়ে তায়্যিবার মাধ্যমে। যখন আমরা সাক্ষ্য দিই যে "মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তা'আলার রাসূল", তখন মূলত আমরা অঙ্গীকার করি যে, তাঁর দেখানো তরীকায় চলব। কাজেই জীবনের কোনো ক্ষেত্রেই যদি আমরা সেই পথ থেকে বিচ্যুত হই, তবে আমাদের এই অঙ্গীকারের মর্যাদা ক্ষুণ্ণ হবে। ক্ষেত্রবিশেষে তা পুরোপুরি ভঙ্গও হয়ে যেতে পারে।বিদআত সুন্নতের সম্পূর্ণ বিপরীত। যে কেউ বিদআতে লিপ্ত হলে, সে সংশ্লিষ্ট ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ ছেড়ে দেয়।বিদআত থেকে দূরে থাকা এবং সুন্নত মোতাবেক জীবন যাপন তখনই সম্ভব, যখন সুন্নত ও বিদআত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকবে।