প্রতিদিনই বিজ্ঞানের কোনো না কোনো ক্ষেত্রে নতুন আবিষ্কারের খবর আমাদের কানে আসে। এ সমস্ত আবিষ্কারের প্রত্যেকটিই আমাদের নিকট গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের কোনো একটি মাত্র শাখায় পারঙ্গমতার্জনের জন্য দীর্ঘকালীন অধ্যবসায়ের প্রয়োজন। আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে সুষ্ঠু একটি ধারণায় উপনীত হওয়ার উপায় কী?
আমাদের বিশ্বাস আধুনিক বিজ্ঞানের প্রধান প্রধান অগ্রগতির বিষয়ে অবহিত হলে আমরা এর মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারব। বিখ্যাত মনীষীদের আবিষ্কারের বিষয়ে পড়াশোনা করলে কোন বিশেষ চিন্তাধারার দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন সেটা জানা আমাদের পক্ষে সহজসাধ্য হয়ে ওঠে।
এভাবে অন্তত আমরা সুষ্ঠুভাবে চিন্তা করতে শিখতে পারি। আর এ কথাও আমাদের অজানা থাকে না যে প্রতিটি আবিষ্কারই পূর্বেকার কোনো আবিষ্কারের কাছে ঋণী এবং প্রতিটি নতুন আবিষ্কারই আবার একই নিয়মে ভবিষ্যতের নতুন আবিষ্কারের পথনির্দেশক।
এ বইটিতে বিজ্ঞানের অগ্রসরমান কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হবে তা নির্ধারণ করার জন্য তিনটি মান ব্যবহার করা হয়েছে। এগুলি বিশ শতক বা বিশ শতকের কয়েক বছর আগেকার আবিষ্কার হতে হবে। মৌল আবিষ্কারের চাইতে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক বিষয় হতে হবে এবং পৃথিবীতে সবচাইতে বেশি পরিবর্তনের সূচনা করেছে এমন হতে হবে।