সেকালে এক সময় গ্রামব্লাম্বল নামে একটা জায়গায় একসঙ্গে বাস করত সাতটি পরিবার। ওখানে পিপ্স-পপ্স নামে বিশাল এক লেক ছিল। সেই লেকের ধারে ছিল এই পরিবারগুলো। জায়গাটা ছিল টোশ শহরের শহরতলিতে। সন্ধে নামা পর্যন্ত পরস্পরের চলাফেরা ভালোভাবেই দেখতে পেত তারা। তোমরা হয়তো বা এই জায়গাগুলোর নাম শুনে থাকবে। তাই বলে ভূগোল বইয়ে জায়গাগুলোর নাম খুঁজতে যেয়ো না আবার।
তো বিশাল লেক পিপ্স-পপ্স-এর ধারে যে সাতটি পরিবার বসবাস করত, তারা হচ্ছে- এক জোড়া টিয়ে এবং তাদের সাতটি বাচ্চা, এক জোড়া বক এবং সাতটি বাচ্চা, সাতটি বাচ্চাসহ একজোড়া রাজহাঁস, সাতটি বাচ্চাসহ একজোড়া পেঁচা, সাতটি বাচ্চাসহ গিনিপিগ জুটি, সাতটি ছানাসহ একজোড়া বেড়াল, আর লেকের পানিতে ছিল সাতটি বাচ্চাসহ একজোড়া মাছ।