আমেরিকায় সবে তখন এক ঐক্যবদ্ধ রাজনৈতিক ভাবনার অভ্যুদয় হয়েছে। উত্তরের দেশগুলিকে নিয়ে গঠিত ইউনিয়নের সঙ্গে দক্ষিণের দেশগুলির মিলিত শক্তি কনফেডারেসির মরণপণ সংগ্রাম থেমেছে। আমেরিকার গৃহযুদ্ধের অবসানের পর ১৮৬৫-তে প্রেসিডেন্ট লিঙ্কনের নেতৃত্বে নতুন দেশ গড়ে তোলার স্বপ্ন সবার মধ্যে। সংযুক্ত আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা দূর হল। দক্ষিণের দেশগুলি ক্রীতদাস প্রথা রদ করার বিরুদ্ধে ছিল বলে তারা সেনাপতি আর.ই.লি-এর নেতৃত্বে লড়াই করেছিল কিন্তু শেষ অবধি তারা হেরে যায় এবং ইউনিয়নে যোগদান করে। দক্ষিণের দেশগুলির কনফেডারেসির একজন ক্যাপটেন ছিলেন আর্থার এইচ কেলার। উত্তর আলাবামার একটি ছোট্ট শহর টাসকাম্বিয়াতে তাঁর সুন্দর সাজান বাগান-ঘেরা বাড়ি। ক্যাপটেনের মা ছিলেন আর.ই.লি-এর সম্পর্কিত বোন। ক্যাপটেন আর্থার কেলারের থেকে কুড়ি বছরের ছোট,সুন্দরী মেয়ে কেট অ্যাডামস্ তাঁর দ্বিতীয়া পত্নী। কেট ছিলেন বেশ লম্বা।