পৃথিবী বড্ড নিকষ কালো। সবাই সুখ তালাশে অভ্যস্ত। বিনিময় পাবার লক্ষ্যে সকলেরই নিরন্তর ছুটে চলা। কিন্তু দায়ের পাহাড় যে ‘গ্রেট ওয়াল’ হয়ে সামনে দন্ডায়মান। নিত্যদিন দুর্ভেদ্য দেয়াল ঠেলে স্বপ্নের পানে ছোটার শপথ করি কিন্তু নিয়তি যে নিঃস্ব। দুর্ভাগ্য শ্যাওলার মত গাত্র-দেয়ালকে মিত্র বানিয়ে রেখেছে। দিন রূপান্তর হয় সপ্তাহ কিংবা বছর নামে। ঠিক কাঁধে ভর করা দায়ের পাহাড়টাও রূপ নেয় বিভীষিকার বিশেষ্যে। মনে হয় নিজেকে মৃত বলে ঘোষণা দিতে পারাটাই অমৃত। ‘বিভীষিকার দৌরাত্ম্য’ মানুষের কানে কানে এসে বলে, হারিয়ে যাও দায়হীন পৃথিবীতে, ছুড়ে ফেল ভালোবাসার শিরোনামে দেয়া রক্তমাখা গোলাপ, বাঁচাবার নিমিত্তে বাঁচো অথবা অমৃত স্বাদ নিয়ে মৃতদের সাথে সখ্যতা গড়ো।
ইত্তেহাদুল ইসলাম
কবি ও কথাসাহিত্যিক