খোলা আকাশের নিচে এভাবে আর কতোদিন আমরা বেঁচে থাকবো, জানি না। এক সপ্তাহ ধরে এই পাহাড়ে আমরা পালিয়ে আছি। জীবন আর মৃত্যুর এখানে পাশাপাশি বসবাস। সার্ব জঙ্গি বিমানগুলো অন্ধকারের উদ্দেশ্যে গোলা ছুড়ে ছুড়ে উত্তর থেকে দক্ষিণ আকাশে চক্কর দিচ্ছে। কখনো পশ্চিম থেকে পূর্বাকাশে উড়ে যাচ্ছে।
কোনো কোনো সেল এসে পড়ছে জীবন নিয়ে পালিয়ে আশা স্বপ্নের উপর। মুহূর্তে চোখের সামনে নিভে যাচ্ছে তাজা তাজা প্রাণ। জীবন, স্বপ্ন, মৃত্যু সবই এখানে একসাথে গাদাগাদি করে আছে। এক একটি সেল এসে জীবন আর স্বপ্ন উড়িয়ে দিয়ে, সেখানে বানিয়ে যাচ্ছে বিভিষিকাময় বড় বড় মৃত্যুকূপ। আহা জীবন আর মৃত্যুর দূরত্ব এখানে কতোটুকু, আমরা কেউ জানি না।