সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের অসাধারণ কথাশিল্পী। বিষয়বৈচিত্র্য, ভাষাসৌন্দর্য এবং আঙ্গিক-ব্যঞ্জনায় অনন্য তাঁর উপন্যাসের ভুবন।
মানুষকে সাহিত্যচর্চায় তিনি সবসময় বাংলার মাটি ও প্রাধান্যে রেখেছেন। বিশ্বের সর্বসাম্প্রতিক শিল্পধারায় স্নাত হয়েও সৈয়দ হক সর্বদা সাহিত্যের উপাদান অন্বেষণ করেছেন।
আমাদের দেশীয় ইতিহাস-ঐতিহ্যের গহনে- গভীরে। এর সাক্ষ্য সৈয়দ শামসুল হকের যুগান্তকারী দীর্ঘগল্প 'রক্তগোলাপ' থেকে 'বুকঝিম এক ভালোবাসা' উপন্যাস পর্যন্ত বিস্তৃত।
'বুকঝিম এক ভালোবাসা' উপন্যাসের পটচিত্র হিসেবে কাজ করেছে 'মৈমনসিংহ গীতিকা'। উপন্যাসের ভাববস্তুতে মৈমনসিংহ গীতিকার ছায়া থাকলেও সৈয়দ শামসুল হকের কুশলী করতলে তা হয়ে ওঠেছে সম্পূর্ণ নতুন সৃষ্টি।
'বুকঝিম এক ভালোবাসা' বাংলাদেশে ও ভারতে মঞ্চনাটকের বিষয় হয়েছে। দুই বাংলার দর্শকসাধারণের বিপুল ভালোবাসায় আদৃত সৈয়দ হকের এই উপন্যাসের কাহিনী।
পাঠকপাঠিকা, উপন্যাসটির পাঠে নিশ্চয়ই পাঠক উপলব্ধি করবেন বাংলার হারিয়ে যাওয়া লোক- আখ্যানের কালোত্তীর্ণ শক্তি।