অসভ্য বর্বর ইতর ছোটলোক- আপন মনে গালি দিয়েই যাচ্ছে বুশরা। দাঁতে দাঁত ঘষে গালাগাল দিচ্ছে ও। গালি আর কতোক্ষণ দেয়া যায়! ওর স্টকে বেশি গালির শব্দও নেই। মনে মনে বলে- সঙ্গে তৃশনা থাকলে ভালো হতো, তৃশনা প্রচুর গালি জানে। এবং ফটাফট গালি দিতেও পারে।
অনেক সময়ে রিকশাঅলাকেও গালি দেয়, এই বোকচোদ, টিএসসি থেকে মালিবাগের ভাড়া একশো টাকা? টাকা কি তোর মায়ে কামাইয়া আমার কাছে জমা রাখছে? ফাইজলামি পাইচো? একটা তরতাজা মেয়ের মুখের আশ্চর্য বচন শুনে রিকশাঅলারা ভিমড়ি খায়। আরে, আরে মাইয়ায় কয় কী? আবার বলে তৃশনা, ষাট টাকায় যাবি?
যামু, আহেন- অবাক কাণ্ড রিকশাঅলা রাজি হয়ে যায়। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছুটে চলেছে। ছুটতে ছুটতে চারপাশের দৃশ্যাবলীও পাল্টে যাচ্ছে মুহূর্তে। প্রতিটি মুহূর্তের হারিয়ে যাওয়া দৃশ্য মুগ্ধচোখে দেখবে, তাও পারছে না বুশরা। নির্মম এক অস্বস্তি ওকে খাবলে খাবলে খাচ্ছে।