নিউইয়র্ক জে এফ কে এয়ারপোর্ট। বিশ্বের তাবৎ বড় ও অতিব্যস্ত এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই এয়ারপোর্ট। আন্তর্জাতিক টার্মিনালের অভ্যন্তরে নানাদেশের শত শত যাত্রীতে ঠাঁসা। নানা বয়সের নারী-পুরুষ, সাদা-কালো-মিশ্র নানাবর্ণের বিচিত্র মানুষের সমাহার। কিন্তু সবাই ব্যস্ত হয়ে হাঁটছে, দৌড়াচ্ছে। হাতে ব্যাগ, কাঁধে ঝোলানো ব্যাগ, হাতেঠেলা ট্রলিতে ব্যাগ নিয়ে মানুষ ছুটছে, কেউ কারো দিকে তাকানোর যেন সময় নেই। কিছু যাত্রী বসে আছে লাউঞ্জের স্টিলের চেয়ারে। এমনই একজন প্রায় ত্রিশের কাছাকাছি বয়সের তরুণ একটা চেয়ারে একাকী বসে আছে। বিষণ্ণ মলিন চেহারা, উদাস অপলক দৃষ্টিতে যেন তাকিয়ে দেখছে কিছু, দেয়ালে বা ছাদে। মাঝেমধ্যে চোখ বন্ধ করে আয়েশ করে ঘুমের ভান করছে। পাশে বড় আকারের একটি স্যুটকেশ, একটি ট্রলিব্যাগ মাঝারি আকারের। পরনে জিনসের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। এমনিতেও কিছুটা ক্লান্ত। কারণ শিকাগো থেকে বিমান ভ্রমণ করে নিউইয়র্ক এসেছে। রাতের ভ্রমণ। বিমানের ভিতর একটুও ঘুম হয়নি।