একদা একটি বালক বিদ্যালয় হইতে, অন্য এক বালকের পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। অতি শৈশব কালে ঐ বালকের পিতামাতার মৃত্যু হয়। তাহার মাসি লালনপালন করিয়াছিলেন। তিনি তাহার হস্তে ঐ পুস্তকখানি দেখিয়া, জিজ্ঞাসা করিলেন, ভুবন, তুমি এই পুস্তক কোথায় পাইলে। সে বলিল, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। তিনি বুঝিতে পারিলেন, ভুবন ঐ পুস্তকখানি চুরি করিয়া আনিয়াছে। কিন্তু তিনি ঐ পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনের শাসন বা ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না।
ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। সে যতদিন বিদ্যালয়ে ছিল, সুযোগ পাইলেই চুরি করিত। এইরূপে ক্রমে ক্রমে, সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। কাহারও কোন দ্রব্য হারাইলে, সকলে তাহাকেই চোর বলিয়া সন্দেহ করিত। যদি ভুবন অন্য লোকের বাটীতে যাইত, পাছে সে চুরি করে, এই ভয়ে তাহারা সতর্ক হইত; এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া, তাহাকে তাড়াইয়া দিত।