মধু মোল্লার তিন ছেলে। একটা বোকা, একটা চালাক আর একটা পাজি। জামতলি গাঁয়ের মানুষ এটাই তো জানতো অ্যাদ্দিন। কিন্তু এখন? ছকটা এখন পাল্টে গেছে। কীভাবে পাল্টালো, জানতে খুব ইচ্ছে করছে, তাই না! তাহলে শোনো বলি।
নামের পরে মোল্লা শব্দটি বসানো থাকলেও মধু মেম্বার মোল্লা নন। অবস্থাপন্ন গেরস্থ বলতে যা বোঝায়, তিনি তাই। মোল্লা সাহেব মারা গেলে তাঁর তিন ছেলের মধ্যে জমিজিরেত ভাগাভাগি হলো। আবু বকর বড়ো। বাঁটোয়ারার দলিল সম্পাদনের সময় সে বাপের কথা মনে করে কাঁদছিলো। বকরের ছোট রিয়াজ। সবার ছোট দিলু। বড়ো ভাইয়ের কাণ্ড দেখে তারা হেসে বাঁচে না। রিয়াজ বললো, মিয়া ভাই, আব্বা মারা যাওয়ার পর আপনি তিনদিন কিছুই মুখে দিলেন না। দিন সাতেক ফুলে ফুঁপিয়ে কাঁদলেন, তাতেও আপনার কাঁদন ফুরোয়নি!