আঁকাআঁকি
তুমি যখন আঁকবে শেয়াল
এই কথাটা রাখবে খেয়াল
শেয়াল থেকে মুরগিটাকে একটু দূরে এঁকো-
নইলে শেয়াল মুরগিটাকে করবে হজম দেখো।
আকাশ এঁকে পায়রা এঁকো
কী সুন্দর লাগবে দেখো!
সেই আকাশে শকুন বা চিল এঁকো না ভুল করে-
আঁকো যদি ছোঁ মারবেই পায়রা যাবে মরে।
রাখাল ছেলের বাঁশি এঁকো
কাস্তে হাতে চাষি এঁকো
ভুল করেও এঁকোনা ফের শড়কি লাঠিয়াল-
আঁকো যদি শূন্য হবে চাষির ভাতের থাল।
নৌকা বাউল কবি এঁকো
মুক্তিসেনার ছবি এঁকো
লাল-সবুজের পতাকাটা ধরিয়ে দিও হাতে-
দেখবে পুরো দেশটা কথা বলছে তোমার সাথে।
| বইয়ের নাম | ছড়াগাছে ফুল ফুটেছে |
| লেখক | সারওয়ার-উল-ইসলাম |
| প্রকাশনী | অনুপ্রাণন প্রকাশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | বয়স যখন ৪-৮: শিক্ষা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।