মোটরগাড়ি হলো বিভিন্ন জিনিসের সমাহার- স্টিল তার, রাবার, প্লাস্টিক, বিদ্যুত, তেল পেট্রল ও পানি। এর পেছন দিক দিয়ে ধোঁয়া বের হয় এবং সামনের দিকে ভেঁপু বাজে। বড় বড় চোখের মতো সাদা আলো রয়েছে সামনে। আর পেছনে রয়েছে লাল আলো- এই হলো মোটরগাড়ি, চাক্কাওয়ালা টিনের বাক্স, যাতে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো যায়।
কিছু কিছু মোটরগাড়ি- যেমন ধরো আমারটা আর সম্ভবত তোমারটা-ভিন্ন ধরনের। যদি তুমি তোমার গাড়িকে ভালোবাস আর তাকে বোঝার চেষ্টা কর, যদি তুমি এর সাথে ভাল ব্যবহার কর, পেইন্ট খুঁচিয়ে খুঁচিয়ে না উঠাও কিংবা দড়াম করে দরজা বন্ধ না কর; আর যদি প্রয়োজন মাফিক তেল-পানি দিয়ে ভরে রাখ, পাম্প করে হাওয়া দাও, পরিস্কার করে পলিশ কর, বৃষ্টি আর তুষারপাত থেকে বাঁচিয়ে রাখ, তাহলে তুমি দেখবে- তোমার গাড়িটা প্রায় জীবন্ত এক ব্যক্তি হয়ে উঠেছে- সাদামাটা নয় প্রায় যাদুবিদ্যায় পারদর্শী একজন ব্যক্তি হয়ে উঠেছে।