বেলা তিনটার সময় রাজকুমার টের পাইল, তার মাথা ধরিয়াছে। এটা নতুন অভিজ্ঞতা নয়, মাঝে মাঝে তার মাথা ধরে। কেন ধরে সে নিজেও জানে না, তার ডাক্তার বন্ধু অজিতও জানে না। তার চোখ ঠিক আছে, দাঁত ঠিক আছে, ব্লাডপ্রেসার ঠিক আছে, হজমশক্তি ঠিক আছে-শরীরের সমস্ত কলকবজাগুলিই মোটামুটি এতখানি ঠিক আছে যে মাঝে মাঝে মাথাধরার জন্য তাদের কোনোটিকেই দায়ী করা যায় না। তবু মাঝে মাঝে মাথা ধরে। অজিত অবশ্য একজোড়া কারণের কথা বলিয়াছে আলসেমি আর স্বাস্থ্যরক্ষার রীতিনীতিতে অবহেলা।
রাজকুমার তার এই ভাসা ভাসা আবিষ্কারে বিশ্বাস করে না। প্রথম কারণটা একেবারেই অর্থহীন, সে অলস নয়, তাকে অনেক কাজ করিতে হয়। দ্বিতীয় কারণটা যুক্তিতে টেকে না, স্বাস্থ্যরক্ষার রীতিনীতি না মানিলে স্বাস্থ্য খারাপ হইতে পারে, মাথা ধরিবে কেন?
অজিত খোঁচা দিয়া বলিয়াছে তোর স্বাস্থ্য খুব ভালো, না? অসুখে তো ভুগি না। মাথাধারাটা-
মাথাধরা অসখ নয়।