তরতাজা খবর। মাত্র সাত দিন আগের ঘটনা। রহস্যময় ব্যাপার। এই ঘটনার দায়েই পুলিশ বন্দি করেছিল বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক ড. পরমেশ্বর পিন্নাইকে। অধ্যাপকের নিজের বাড়ি থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল ওরা সকলে। নিজেরই ছাত্র। পুলিশ তাই ওঁকেই সন্দেহ করছে। ছাত্রদের নিখোঁজ হওয়ার পেছনে স্যারের হাত থাকতেই পারে। পুলিশের তাই বিশ্বাস। জিজ্ঞাসাবাদের জন্যই পুলিশ ধরে নিয়ে আসছিল ড. পরমেশ্বরকে। কিন্তু থানায় আসার পথেই ঘটল আরেক দুর্ঘটনা। ড. পরমেশ্বর প্রায় অলৌকিকভাবে পুলিশের জিপ থেকে পালিয়ে গেলেন। এটাই বেশি আকস্মিক ঘটনা। পুলিশের পাশেই বসেছিলেন তিনি। তাহলে কেমন করে হলো? অত বড় একজন নামি লোক। তাই তাকে হাতকড়া পরানো হয়নি। পুলিশ ভ্যানে বসিয়ে আনা হচ্ছিল। পুলিশের পাশে চুপ করে বসেও ছিলেন তিনি।