'ডাঙ্গুয়া কারাম' বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে বসবাসরত সাঁওতাল জনগোষ্ঠীর নাট্যমূলক ধর্মীয়কৃত্য পরিবেশনার নাম। সর্বপ্রাণবাদী বৈশিষ্ট্যমণ্ডিত এই পরিবেশনায় সাঁওতাল জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি বর্ণিত হয় নৃত্য-গীত-ছন্দ-বাদ্য ও বর্ণনার মাধ্যমে। দীর্ঘদিনের বিরতিতে ডাঙ্গুয়া কারাম আয়োজিত হয় বলে প্রামাণ্য গ্রন্থাদির অভাবে এই বিষয়ে সম্যক কোনো ধারণা গবেষকদের মাঝে এ যাবৎ ছিল না। বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল জনগোষ্ঠীর নাট্যমূলক ‘ডাঙ্গুয়া কারাম’ সম্পর্কে সম্ভবত এটিই প্রথম লিখিত গবেষণা গ্রন্থ। এই গবেষণার প্রায় সকল তথ্যই সাঁওতাল জনগোষ্ঠীর সঙ্গে মাঠপর্যায়ে থেকে সাক্ষাৎকার ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।
সামাজিক ও রাষ্ট্রনৈতিক প্রতিকূল পরিবেশের প্রভাবে ক্ষয়িষ্ণু সাঁওতাল জনগোষ্ঠীর নাট্যমূলক পরিবেশনা বিষয়ক এই গ্রন্থ দেশের ইতিহাস ও নৃগোষ্ঠী পাঠের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গ্রন্থটি দেশে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।
শিক্ষার্থী, গবেষক এবং আগ্রহী পাঠকবৃন্দ সাঁওতাল নৃগোষ্ঠী নাট্য: ডাঙ্গুয়া কারাম বইটি থেকে বহুভাবে উপকৃত হবেন।