বাবা সামনের বর্ষায় একটা বড় ছাতা কিনবেন ভাবতে ভাবতে ত্রিশটা বর্ষা পার করলেন। মা টিনের বাসনে মানচিত্র আঁকেন। মানচিত্রে সীমান্ত নেই কোন। কাঁটাতারে ভয় তার। আমি রোদ মেখে মেখে শহর ঘুরি। রোদেলা একটা শহরে। বোনেরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখবে ভাবে। আমাদের কোন বারান্দা নেই। বাবার কোন আকাশ নেই। আমাদের তাই আকাশ দেখা হয় না আর। এরচে' বেশি পরিচয় দেয়ার মতো কিছু নেই আমার। একদিন এখানে লেখার মতো একটা পরিচয় হবে। জন্মদিনের পাশাপাশি বসবে মৃত্যুদিন। গ্রামের পাশাপাশি বসবে শহরের নাম। ততদিন পর্যন্ত এতোটুকুনই থাকুক।