ষষ্ঠ-সপ্তম শতকের প্রাচীন ভারতবর্ষের এক রোমাঞ্চকর, রহস্যময় এবং বাস্তবঘেঁষা চালচিত্রের অনুপম দলিল মহাকবি দণ্ডিনের ‘দশকুমারচরিত’। এটি কেবল প্রাচীন সংস্কৃত সাহিত্যের এক অনন্য গদ্য-আখ্যায়িকাই নয়, বরং তৎকালীন সমাজের চোর-ডাকাত, জুয়াড়ি, গণিকা, তান্ত্রিক এবং রাজপরিবারের অন্দরমহলের এক জীবন্ত প্রতিচ্ছবি।
মগধের রাজপুত্র রাজবাহন এবং তাঁর নয় সহযোদ্ধা মন্ত্রিপুত্রের ভাগ্য অন্বেষণের এক মহাযাত্রাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই গ্রন্থ। এক অলৌকিক চক্রান্তে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দশজন তেজস্বী কুমার ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। কেউ পাতালপুরীর রহস্যভেদ করেন, কেউ হয়ে ওঠেন ছদ্মবেশী দস্যু দলের সর্দার, কেউ বা বুদ্ধির জোরে উদ্ধার করেন বন্দিনী রাজকন্যাকে, আবার কেউ মেতে ওঠেন সিংহাসন পুনরুদ্ধারের জটিল রাজনৈতিক দাবার চালে।
প্রেম, বীরত্ব, অতিপ্রাকৃতিক রোমাঞ্চ, প্রতারণা আর কূটনীতির এক অদ্ভুত মিশেলে দণ্ডী বুনেছেন দশটি ভিন্ন স্বাদের কাহিনিমালা, যা শেষ পর্যন্ত এক মোহনায় এসে মিলেছে। অলৌকিকতার আড়ালে মানুষের চিরন্তন লোভ, লালসা, ভালোবাসা আর প্রতিশোদের এই ধ্রুপদী আখ্যান আজও পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে।
সহজ, সাবলীল এবং আকর্ষণীয় ভঙ্গিতে অনুবাদকৃত এই বইটি আপনাকে নিয়ে যাবে প্রাচীন ভারতের এক রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের দুনিয়ায়।