বাংধারা মাঠের মধ্যখানে ১৯ ফিট উচ্চতাসম্পন্ন যে কাছিমপেটা ঢিবি, সেটাকে ঘিরে কিছু উপকথা চালু আছে: কোন এক বালিকা বনফুলের মালা পরে ঢিবির মাথায় চড়ে থাকতো, ভোলাভূত নেমে আসতো ওখান থেকে, ঢিবির উপর আগুনের গোলকও নাকি ছোটাছোটি করতো কোন কোন নিশুতি রাতে। এককালে এখানে বিরাট এক নদী বয়ে যেতো, একদিন মরে গেল নদী, হলো খাড়ি-সেটাও নিশ্চিহ্ন এখন।
সেই ঢিবির শরীরে এবং পাদদেশে একদিন পাড়ার মানুষরা দেখলো অসংখ্য লিফলেটের ছড়াছড়ি। এসব লিফলেট এলো কোথা থেকে? আকাশ থেকে কী লিফলেট বৃষ্টি হয়েছিল? ঢিবিটা ঘিরে এখানে যে, তিনটি পাড়া গড়ে ওঠেছে সে পাড়ার তিন চারজন লোক লিফলেটগুলো দেখে নানা নানা রকম। রকম কল্পনা জল্পনা করতে লাগল।