থাই এয়ারওয়েজের ৩২২ নং বিমানে চড়ে অবলা ভাবছিল এই যাত্রাই যেন তার শেষযাত্রা হয়। আর যেন কখনও ফিরতে না হয় দেশের মাটিতে। কি জন্য ফিরবে সে, কার টানে? বিদেশে যাবার অনেক সুযোগ ছিল অবলার। বিদেশে পড়াশুনা করার সুযোগ ছিল, সুযোগ ছিল বিদেশে চাকুরি করার। কোনটাই করেনি সে। প্রিয় জন্মভূমির মাটি ছেড়ে, আপনজনদের ছেড়ে সে কোথাও যেতে চায়নি। সুহৃদ চেয়েছিল বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে, পাউন্ড ডলার কামিয়ে একটা বিলাসী জীবন যাপন করতে। ডিগ্রি নেয়া পর্যন্ত আপত্তি ছিলোনা অবলার, আপত্তি ছিল পরের অংশটাতে। স্থায়ী হবার ব্যাপারে। সুহৃদ তর্ক করেছে।
তোমার সব ভালো অবলা শুধু গোঁধরাটা খারাপ। এখানে কি আছে শুনি। যানজট, দ্রব্যমূল্য, বস্তি, ফকির, ডাস্টবিন এই তো শুধু আছে। অসুখে ভালো চিকিৎসা পাবেনা, সন্তাদের ভালো শিক্ষা দিতে পারবে না। বিন্দুমাত্র নিরাপত্তা নেই জীবনের চারদিকে শুধু সন্ত্রাস আর রাহাজানি। দেখ এখানে আমার বাবা-মার কবর আছে। চেনা জানা মানুষ আর আত্মীয়রা আছে।