রামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন-নিধে, একবার হরি বাগদির কাছে দিয়ে তাগাদা করে দ্যাখ দিকি। আজ কিছু না আনলে একেবারেই গোলমাল। নিধুর বয়েস পঁচিশ, এবার সে মোক্তারি পরীক্ষা দিয়া আসিয়াছে, সম্ভবত পাশও করিবে। বেশ লম্বা দোহারা গড়ন, রঙ খুব ফরসা না হইলেও তাহাকে এ পর্যন্ত কেউ কালো বলে নাই। নিধু কি একটা কাজ করিতেছিল, বাবার কথায় আসিয়া বলিল-সে আজ কিছু দিতে পাবে না।
-দিতে পারবে না তো আজ চলবে কি করে? তুমি বাপু একটা উপায় খুঁজে বার কর, আমার মাথায় তো আসচে না। -কোথায় যাব বলুন না বাবা? একটা উপায় আছে-ও-পাড়ার গোঁসাইখুড়োর বাড়িতে গিয়ে ধার চেয়ে আনি না হয়-