তিনতলার জানালার গ্রিল ঘেঁষে দেবদারুগাছের ডালপালাগুলো রিদ্যর পড়ার ঘরে এসে ঢুকি-ঢুকি করছে। সপ্তাহ খানেক হয়ে গেল। বিষয়টা নিয়ে রিদ্য খুব একটা গা করল না। ও মা! কয়েক দিনের মধ্যেই রিদ্য দেখল দেবদারুগাছের সবুজ পাতা, চিকন চিকন ডালপালা সব তাদের জানালার গ্রিলের ফাঁকফোকর ভেদ করে উইদাউট নোটিশে স্ট্রেইট ঘরের ভেতরে ঢুকে পড়েছে। রিদ্যদের পড়ার ঘরের কোনায় একেবারে জানালার কাছাকাছি রিদ্যদের পড়ার টেবিল। রিদ্যদের মানে রিদ্য আর অথই। ভাই বোন। রিদ্য ছোট, অথই বড়। আর অথই যেহেতু বড়, তাই সে...