"একিলিসের আদর্শ" বইয়ের ফ্ল্যাপের লেখা:
শুরুতে ছিল শুধুই এক ধাধা আর সেই ধাধা ছিল এলিয়ার জেনাের কাছে। কিন্তু তিনি জানতেন না এটি ছড়িয়ে পড়বে এমন সব ভাষায়, তখনও পর্যন্ত যে-গুলাের জন্মই হয়নি। শুরুতে এটি ছিল নিছকই এক গাণিতিক খেলা যার না ছিল বাস্তবতা, না ছিল জীবন। কিন্তু তরুণ প্রজন্মের প্রতিভাবান কলােম্বিয় কথাসাহিত্যিক পাউল ব্রিতাের জাদুকরী স্পর্শে তা কেবল বাস্তবই হয়ে উঠলাে না, হয়ে উঠলাে জীবন্ত। মানসিক বাস্তবতা ও জীবনের বহির্বাস্তবতার যাবতীয় উপাদান নিয়ে এই বইয়ের ক্ষুদে গল্পগুলাের প্রতিটি যেমন স্বয়ংসম্পূর্ণ, তেমনি তা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলেছে মহাজীবনের এক সিম্ফনি। জেনাের কাছ থেকে ধাঁধাটিকে ছিনিয়ে নিয়ে পাউল ব্রিতাে ১০১টি হীরক খণ্ডের মতাে ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে। হীরকের দ্যুতিভরা গল্পগুলােকে মূল স্প্যানিশ থেকে সরাসরি বাংলা ভাষায় তুলে এনেছেন রাজু আলাউদ্দিন।