শ্রাবণ মাস। মেঘ ভাঙ্গা রোদের গরম খুব বেশি। ক'দিন ধরেই একটানা বৃষ্টির পর আজ দেখা গেল সূর্যের মুখ। বৃষ্টি হলেই চারিদিকে কাঁদা পানিতে এক হাঁটু হয়ে থাকে। ঘরের বাইরে যাবার কোন উপায় থাকে না এসময়। কিন্তু প্রতিদিন প্রত্যুষে প্রাতঃভ্রমণ অভ্যাসে দাঁড়িয়ে গেছে মালেক মিয়ার। আজ ঘরে বসেই ফজরের নামাজ পড়েছেন মালেক মিয়া। তারপর প্রাতঃ ভ্রমণের জন্য উঠানে নেমেও ঘরে ফিরে এলেন তিনি।
তার কিছুক্ষণ পর নাস্তা খেয়ে রাবারের জুতো-জোড়া পায়ে দিয়ে বেরিয়ে পড়লেন মালেক মিয়া। উঠনে নামতেই আছিয়া বেগম বললেন, আকাশের ভাব ভাল নয়, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু, গল্পে বসলে তো আর সময়ের কথা মনে থাকে না আপনার।
পিছন ফিরে তাকিয়ে লুঙ্গি খানিকটা উঁচু করে পরে নিয়ে মালেক মিয়া বললেন, মেয়েছেলেদের এ এক স্বভাব, শুধু পিছু ডাকা। তারপর বিড়-বিড় করতে-করতে বেরিয়ে এলেন মালেক মিয়া।