ড. স্বাতী জসীম তীর্যক ও তীক্ষ্ণ ভাষায় এ উপন্যাসে পরিবার ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন। খুবই সহজ সরল গতিতে ফাগুনবনে উপন্যাসের কাহিনী এগোয়। উপন্যাসের নায়িকা উচ্চ শিক্ষিত ও সচেতন। জীবন ও সমাজকে নিজের মতো করে গড়ে তুলতে চান। সমাজের নানা অসঙ্গতি, ধর্মাশ্রিত মানুষের নিচুতা, অর্থবিত্তের নষ্ট কোলাহল, এসব এড়িয়ে প্রেমের এক অনাবিল ফাগুনবনের স্বপ্ন দেখেন এ উপন্যাসের নায়িকা নিকিতা। হায় স্বপ্ন! স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেয় না। নষ্ট রাজনীতির বলি হয় ক্যাম্পাসের মেধাবী তরুণ। এসবও এ উপন্যাসে ধরা দিয়েছে। আমাদের দুর্ভাগ্য এ মেধাবী গবেষক ও কথাশিল্পী ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান। তিনি তাঁর লেখা ও কর্মের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন আমার জীবনসঙ্গী। পরম করুণাময়ের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।