'মাঝে মাঝে মনে হয় অলৌকিকভাবে হয়তো তিনি একদিন আমার সামনে এসে হাজির হবেন। এরকম একটি অলীক কল্পনার জাল বুনে চলেছি আজো আমি'-একাত্তরে হারিয়ে যাওয়া স্বামী সৈয়দ সিরাজুল আবদালের স্মৃতিচারণ করতে গিয়ে এভাবেই সৈয়দা সাকিনা আবদাল ব্যক্ত করেন হৃদয়ের আকুতি। কিন্তু তাঁর বিশ্বাস বাস্তবতার মুখ দেখেনি আজও। হবিগঞ্জ সদর থানার আউশপাড়া গ্রামে ১৩৩৮ সনে সিরাজুল আবদালের জন্ম। তাঁর পিতার নাম, সৈয়দ সাজিদ আলী, মাতার নাম সৈয়দা জামিলা খাতুন। এই দম্পত্তির দুই ছেলের মধ্যে তিনি দ্বিতীয়। লেখাপড়ায় তিনি খুবই মেধাবী ছিলেন। ১৯৫১ সালে হবিগঞ্জ সরকারী হাইস্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক পাশ করে চলে যান যুক্তরাজ্যে। ইংল্যান্ডের বেলফাস্ট থেকে টি টেকনোলজিতে ডিগ্রি নিয়ে চলে আসেন দেশে। ১৯৫৯ সালে লাক্কাতুরা চা- বাগানে সহকারী ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। বাগানের চাকুরি করলেও তিনি ছিলেন আওয়ামীলীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী। অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি আন্দোলনের সাথে সম্পৃক্ত হন।