বাংলা কথা সাহিত্যের ইতিহাসে পরশুরাম এক বিস্ময়কর প্রতিভার নাম। বিজ্ঞানের কৃতি ছাত্র হিসেবে বিজ্ঞান গবেষণা ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাঁর অসামান্য কৃতিত্ব স্মরণযোগ্য সন্দেহ নেই, কিন্তু পরম বিস্ময়কর এই যে, পরশুরাম কিন্তু বাংলা সাহিত্যের অমিত প্রতিভাধর একজন সাহিত্যিক হিসেবেই বাঙালির কাছে অর্জন করেন বিপুল খ্যাতি। রামায়ন ও মহাভারতের ক্লাসিক অনুবাদের কৃতিত্বের কথা বাঙালি মাত্রই জানেন। অন্যদিকে, রাজশেখর বসুর 'চলন্তিকা' শীর্ষক বাংলা অভিধান তো বাঙালি পাঠক মাত্রই অপরিহার্য হাতের কাছের এক মূল্যবান গ্রন্থ। তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি, বাংলা সংস্কার সমিতি এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিভাষা সংসদের সভাপতি পদ অলংকৃত করে গেছেন।