মিরধা ভাই হাওয়া। হাওয়া মানে উধাও। মিরধা ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবাই চিন্তিত। তবে মাঝে মাঝেই মিরধা ভাই এভাবে হাওয়া হয়। এটা তার স্বভাব। কত মানুষের কত রকম স্বভাব থাকে। মিরধা ভাইয়ের স্বভাব অন্যরকম। হইচই হট্টগোল ছাড়া তার ভালো লাগে না। তাই যেখানেই হইচই আনন্দ আছে, সেখানেই মিরধা ভাই আছে। কিন্তু আজকের বিষয়টা ভিন্ন। আজ আশেপাশে দু চার গ্রামের মধ্যে কোথাও কোনো বিয়ের আয়োজন নেই। মুসলমানি অর্থাৎ খতনার আয়োজনও নেই।
কোথাও কোনো গানবাজনা বা কোনো আনন্দ অনুষ্ঠান আছে বলেও কারো জানা নেই। তাহলে মিরধা ভাই গেল কোথায়? অবশ্য মিরধা ভাইয়ের যাবার জায়গা অনেক। কোথায় কখন যায় তার ঠিক কি? মিরধা ভাইকে নিয়ে অত দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই। কারণ সে যেখানেই যাক, ঠিকই ফিরে আসবে। আনন্দ করতে করতে ফিরে আসবে।