ক্যাম্পাস জুড়ে আগুনের বৃষ্টি। হাওয়ায় চামড়া পোড়া গন্ধ। সবুজ গাছগুলোর বাকল পোড়ে। ছাইভস্ম জমে আকাশ ঢেকে যায়। ধূসর ধোঁয়া উড়িয়ে টগবগ করে ফুটতে থাকে ছোট ছোট জলাশয়ের ঠাণ্ডা জল। এই নিদারুণ দুঃসময়ে ক্যাম্পাসের প্রধান সড়কে হেঁটে বেড়ায় অসংখ্য নারীর মুণ্ডবিহীন লাশ।
টাটকা লাশের লোভে আকাশের অনেক উঁচুতে বিন্দু বিন্দু কালো রেখার মতো শকুনেরা জড়ো হতে থাকলে, মুণ্ডবিহীন লাশগুলো আরো জীবন্ত হয়। অবশেষে ওদের জীবনের স্পর্শে আগুনের বৃষ্টি থেমে যায়। জলাশয়ের জল শান্ত হয়, গাছগুলোর শরীর থেকে ধোঁয়া ওড়া বন্ধ হয়, অতিথি পাখিরা ফিরে আসে, ক্যাম্পাসের সব শ্রেণীর অধিবাসীরা ধীর পদক্ষেপে অতি পরিচিত রাস্তায় নামে, ঠাণ্ডা হাওয়ায় গা জুড়িয়ে নেয়। খুব দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যায়।